মাদক কারবারিদের ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে আটক ৩ র্যাব সদস্য
মাদক কারবারিদের ধাওয়া দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে র্যাবের তিন র্যাব সদস্য ও তাদের দুই সোর্স ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে র্যাব বলছে, এটার বিএসএফের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’।
ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে র্যাব সদস্যরা দুই নারী সোর্সকে সঙ্গে নিয়ে মাদক কারবারিদের ধরতে যান বলে পুলিশ ও র্যাবের কর্মকর্তারা জানান।
ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,”মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে তারা হয়ত সীমান্ত রেখা অতিক্রম করেছিলেন। স্থানীয়রা র্যাব সদস্য রিগান বড়ুয়া, আবদুল মতিন, আবদুল ওয়াহেদ ও দুই নারী সোর্সকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।”
ওপারে আটকরা র্যাব ১১-এর কুমিল্লা সিপিসি ২-এর সদস্য বলে জানান ওসি শাহজাহান।
খবর পেয়ে র্যাব, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফের হাতে আটক তিন র্যাব সদস্য ও দুই সোর্সকে কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হবে।
র্যাব এ ঘটনাকে ’বড় কিছু’ বলে মনে করছে না।
র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র্যাব সদস্যরা মাদক কারবারিদের ধরতে গেলে বিএসএফের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সমাধানের চেষ্টা চলছে। এটা বড় কিছু না।”
No comments